অনলাইন সংস্করণ
১৪:২৮, ০৪ নভেম্বর, ২০২৬
আইপিএলের আগামী মৌসুমের খেলোয়াড় বিনিময় বা 'ট্রেড উইন্ডো' কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার দলবদল এখন চূড়ান্ত পর্বে পৌঁছেছে। তবে সংবাদমাধ্যমের একাংশে সূর্যকুমার যাদবকে অন্য দলের কোনো ক্রিকেটারের বিনিময়ে গুঞ্জন উঠলেও, মুম্বাই ফ্র্যাঞ্চাইজি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য গত মৌসুমটি খুব একটা সুখকর না হলেও (১৩ ম্যাচে ২৭০ রান), ২০২৫ মরসুমে ১৬ ম্যাচে ৭১৭ রান করে তিনি অসাধারণ পারফর্ম করেছিলেন। ফলে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি তাঁকে হাতছাড়া করার কথা ভাবতেও রাজি নয়।
এমআই এর একটি নির্ভরযোগ্য সূত্র পরিষ্কার জানিয়েছে, "সুর্যকুমার কোনোভাবেই দলবদলের বা ট্রেডের তালিকায় নেই। তাকে নিয়ে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না।"
তবে বিগত তিন মৌসুমের মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং পঞ্জাব কিংসের বাঁ-হাতি তারকা পেসার অর্শদীপ সিংকে অদলবদল করার বিষয়টি নিয়ে দুপক্ষই জোরালো আলোচনা চালাচ্ছে। পঞ্জাব কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও, এই অদলবদলের সম্ভাবনা অস্বীকার করেনি।
অন্যদিকে, দলবদলের এই লড়াইয়ে রাজস্থান রয়্যালসও দৃশ্যপটে প্রবেশ করেছে। তারা যশস্বী জয়সওয়াল এবং রবি বিষ্ণোইয়ের মতো তারকাদের এই আলোচনায় অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের দৃষ্টি কেবল একজন প্রথম সারির গতিময় পেসারের ওপর, যা রাজস্থানের এই প্রস্তাবে মিলছে না। রাজস্থান তাদের পেসার জোফরা আর্চারকে ছাড়তে রাজি হবে এমন সম্ভাবনা কম, আর মুম্বাইও তার বিষয়ে আলাদা করে আগ্রহ দেখায়নি।
পূর্বে ধারণা করা হয়েছিল মুম্বাই হয়তো একজন ব্যাটার ও বোলারের খোঁজে রয়েছে, তবে এখন পরিষ্কার যে তারা মূলত একজন বিশ্বমানের এক্স-ফ্যাক্টর পেসার পেতে মরিয়া। গত মৌসুমে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের পারফরম্যান্স একদমই নজরকাড়া ছিল না। বোল্ট ৫ ম্যাচে মাত্র ২ উইকেট নেন, অন্যদিকে চাহার ৮ ম্যাচে ৮টি ও ২০২৫ মৌসুমে ১৪ ম্যাচে ১১টি উইকেট পেয়েছিলেন। ফলে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি আগামী দু-এক সপ্তাহের মধ্যে এদের কাউকে, বিশেষ করে বোল্টকে ছেড়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ব্যাটিং বিভাগের কথা বললে, রোহিত শর্মা, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শেরফেন রাদারফোর্ড, নমন ধীর, উইল জ্যাকস এবং ব্যাট হাতে পারদর্শী মিচেল স্যান্টনারকে নিয়ে মুম্বাইয়ের শক্ত ভিত রয়েছে। তাই চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটার আয়ুষ মাত্রের মতো খেলোয়াড়কে দলে নেওয়ার ক্ষেত্রে তারা খুব একটা আগ্রহ দেখায়নি, কারণ প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়া নিশ্চিত ছিল না।
এর আগে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও হার্দিক পান্ডিয়ার বিনিময়ে পেসার হর্ষিত রানা ও একজন ব্যাটারকে নেওয়ার প্রাথমিক আলোচনা হয়েছিল, কিন্তু নাইট রাইডার্স তাদের তরুণ পেসারকে ছাড়তে সরাসরি রাজি হয়নি।
জাসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি পেস আক্রমণের মূল অস্ত্র অর্শদীপ সিং মুম্বাইয়ের বর্তমান চাহিদার সঙ্গে পুরোপুরি মিলে যান। তবে চূড়ান্ত দলবদলের পথে বড় বিষয় হয়ে উঠতে পারে হার্দিক পান্ডিয়ার নিজস্ব পছন্দ। কারণ পাঞ্জাব কিংসে বর্তমানে শ্রেয়াস আইয়ার অধিনায়ক থাকায় সেখানে গেলে হয়তো অধিনায়কত্ব মিলবে না, কিন্তু রাজস্থান রয়্যালসে গেলে তাঁর নেতৃত্ব পাওয়ার সুযোগ থাকে। খেলোয়াড় হিসেবে দলবদলে তাঁর পছন্দের কতটা প্রতিফলন ঘটবে তা নিয়ে তর্ক থাকলেও, মুম্বাইয়ের জন্য পাঞ্জাব কিংসের প্রস্তাবটিই বেশি আকর্ষণীয়।
আপাতত পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট চূড়ান্ত সম্মতি দেওয়ার আগে কিছুটা ভাবার সময় চেয়েছে। তবে দ্রুতই সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টা এই মেগা দলবদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।