চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৫১ | অনলাইন সংস্করণ

গোড়ালির চোটের কারণে আগামী বুধবার (২৫ নভেম্বর) আজারবাইজানে সাবাহ এফকে-র বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল।
বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
সোমবার (২৩ নভেম্বর) লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ১৯ বছর বয়সি এই ফরোয়ার্ড ডান গোড়ালিতে অস্বস্তি অনুভব করছেন, যার ফলে আসন্ন ইউরোপীয় লড়াই থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন ইয়ামাল। তবে ম্যাচটির পর থেকেই তাঁর গোড়ালিতে এই সমস্যা দেখা দেয়।
যদিও কাতালান ক্লাবটির জন্য স্বস্তির খবর হলো, চোটটি গুরুতর নয়; আগামী রবিবার (২৯ নভেম্বর) লা লিগায় দেপোর্তিভো দে লা করুনিয়ার বিপক্ষে ম্যাচের আগেই এই উইঙ্গার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। চলতি মৌসুমে বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলার সব প্রতিযোগিতা মিলিয়ে দলের ১৭টি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন।
এদিকে, বুধবারের ম্যাচে ইয়ামাল ছাড়াও জাভি এস্পার্ট এবং রুনি বার্ডঘজিকে পাচ্ছে না বার্সেলোনা; চোটের কারণে এই দুই খেলোয়াড়ও ছিটকে গেছেন। এ ছাড়া আজারবাইজান সফরে ডিফেন্ডার পাউ কুবারসি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং রদ্রি হার্নান্দেজের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
