সাইবার হামলার শিকার ফিফা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:৪৮ | অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে যে, তারা একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে; যার ফলে হ্যাকাররা সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছে।
তবে বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বাতিল হয়ে যাওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পের কোনো ফাইলে হ্যাকাররা প্রবেশ করতে পারেনি।
রয়টার্সকে ফিফার একজন মুখপাত্র বলেন, "ফিফা নিশ্চিত করছে যে সংস্থাটি একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে, যার ফলে সীমিত পরিসরের কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।"
বেআইনিভাবে তথ্য সংগ্রহ এবং তা প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিফা। সংস্থাটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড "গোপনীয়তার একটি গুরুতর এবং অগ্রহণযোগ্য লঙ্ঘন"।
এই সাইবার হামলায় ঠিক কতজন ব্যক্তি বা কতগুলো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলাটি কখন ঘটেছে কিংবা ব্যবসায়িক তথ্যগুলোর মধ্যে কী কী অন্তর্ভুক্ত ছিল- সে বিষয়ে ফিফা কিছু জানায়নি। এমনকি তথ্য প্রকাশের কথা উল্লেখ করলেও অনলাইনে কোনো তথ্য ফাঁস হয়েছে কি না বা কোথায় হয়েছে, সে ব্যাপারেও কোনো তথ্য দেয়নি সংস্থাটি।
সংশ্লিষ্ট ওই সূত্রটি জানিয়েছে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় প্রভাবিত হয়েছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন যে, বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও বিরোধিতার মুখে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে তাঁর সংস্থা।
ওই পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার অন্যান্য ইভেন্ট পরিচালনাকারী একটি নতুন ইউনিটের ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ৪.২ বিলিয়ন (৪২০ কোটি) ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
