অনলাইন সংস্করণ
১১:৪১, ২৮ নভেম্বর, ২০২৫
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ারের একিউআই সূচকে শুক্রবার বেলা ১১টার তথ্য অনুযায়ী ঢাকার স্কোর ২৪৫, যা দূষিত শহরের তালিকায় রাজধানীকে তৃতীয় স্থানে রেখেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দিল্লির স্কোর দাঁড়িয়েছে ৪৮১, যা তালিকার সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ৪৭৯। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার স্কোর ১৭৮। পঞ্চম স্থানে রয়েছে বাহরাইনের মানামা শহর, যার স্কোর ১৭৭।
শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর স্কোর ১৭৫ থেকে ১৬০-এর মধ্যে রয়েছে।
সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান মূল্যায়ন করে। তাদের মানদণ্ডে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি।
১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ৩০১-এর ওপরে স্কোর হলে তা দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।