ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে দগ্ধ ৩

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে দগ্ধ ৩

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় আগুনের ফুলকি ছিটকে গায়ে পড়ে তিনজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় এই ঘটনা ঘটে। দগ্ধদের স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে মাওনা চৌরাস্তায় আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভবনটিতে ব্যাংকসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান, গুদাম ও ফ্ল্যাট বাসা রয়েছে। বিস্ফোরণে সৃষ্ট আগুন ছিটকে তিনজন দগ্ধ হন। সেই সঙ্গে ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণ আনে। এসময় দগ্ধদের উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠান।

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি বিপণিবিতান ও পাইকারি কাপড়ের বাজার থাকায় ঈদের কেনাকাটা উপলক্ষে বেশ জনসমাগম ছিল। আগুনের এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতশত মানুষ ছুটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হন। এসময় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল ঘণ্টাখানেক বন্ধ ছিল।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। শত শত মানুষ ছুটাছুটি করতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

আবা/এসআর/২৬

গাজীপুর,ট্রান্সফরমার,বিস্ফোরিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত