ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ মোয়াল্লেম গ্রেপ্তার

শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ মোয়াল্লেম গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আগমনী ক্যানোপি-২ এলাকার খোলা কার পার্কিং থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মফিদুল ইসলাম (৪৩)। তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা। পাশাপাশি ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা জব্দ করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, মফিদুল ইসলাম ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। পরে আগমনী এলাকায় গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি।

পরে তাকে এপিবিএন কার্যালয়ে নিয়ে দেহ তল্লাশি ও তার বহন করা ব্যাগে অনুসন্ধান চালিয়ে এসব স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থেকে রিসিভার হিসেবে কাজ করছিলেন বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। স্বর্ণ ও মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে এপিবিএন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

জানা গেছে, গ্রেপ্তার মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা।

মোয়াল্লেম গ্রেপ্তার,৯ হাজার ডলার,৮৩ লাখ টাকার স্বর্ণ,শাহজালাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত