অনলাইন সংস্করণ
১৬:২৫, ০৫ মে, ২০২৬
রাজধানী ঢাকার মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে অথবা ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে।
জানা গেছে, রাতে ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত সময় বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ ছাড়া দুই ট্রেনের মধ্যবর্তী ব্যবধান কমানোর পরিকল্পনাও রয়েছে। প্রায় ৩০ সেকেন্ড সময় কমানো হলে প্রতি সাড়ে চার মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চালানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই রুটে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।
অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে, যেখানে বর্তমানে তা ছেড়ে যায় রাত সাড়ে ৯টায়।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম মেট্রোরেল ছেড়ে যায় সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল সোয়া ৭টায়।
তবে রাতে সময় বাড়ানোর পরিকল্পনা থাকলেও সকালবেলার সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেই বলে জানা গেছে।