ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদযাত্রায় ট্রেনের ছাদে চড়া ঠেকাতে কঠোর রেল কর্তৃপক্ষ

ঈদযাত্রায় ট্রেনের ছাদে চড়া ঠেকাতে কঠোর রেল কর্তৃপক্ষ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার কোনো ধরনের সময়সূচি বিপর্যয় হবে না। একই সঙ্গে ট্রেনের ছাদে যাত্রা ঠেকাতে স্টেশনগুলোতে কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

শনিবার (২৩ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

তিনি বলেন, স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টিকিট কালোবাজারি রোধে এবার তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈধ টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তবে সাধারণ ও শ্রমজীবী মানুষের যাতায়াত সহজ করতে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট রাখা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেলেও কড়া নিরাপত্তার কারণে টিকিট ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারছেন না।

শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনের প্রতিটি প্রবেশপথে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

রেল কর্তৃপক্ষ,ট্রেনের ছাদে চড়া,ঈদযাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত