ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

তরুণদের জন্য জাপানের দ্বার খুলতে ঢাকায় ‘নিহোন গেটওয়ে একাডেমি’

তরুণদের জন্য জাপানের দ্বার খুলতে ঢাকায় ‘নিহোন গেটওয়ে একাডেমি’

বাংলাদেশের তরুণদের জন্য জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনে সহায়তা দিতে ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাপানি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার সহায়তা প্রতিষ্ঠান ‘নিহোন গেটওয়ে একাডেমি’।

রাজধানীর পূর্ব রাজাবাজারে এফএম টাওয়ারে অবস্থিত একাডেমিটি জাপানের ওসাকাভিত্তিক প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আইএমএএস কোম্পানি লিমিটেডের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান এবং ‘স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি ও জাপানে কর্মসংস্থানের সর্বশেষ সুযোগ’ শীর্ষক উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মো. ফিরোজ মুকুল, অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মনির উদ্দিন, জনসংযোগবিদ মুহাম্মদ ইমতিয়াজ, একাডেমির চেয়ারম্যান কিয়োশি শিরাকো, তারেক বিন আজিজ, প্রিন্সিপাল ড. তাদাশি ওহতাকে, ভাইস-প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কামাল হোসেন এবং ভাইস-প্রিন্সিপাল ড. ফিরোজ আলম চৌধুরী। এতে শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে একাডেমিটির কার্যক্রম পরিচালনা করছে আইএমএএস ফ্রন্টিয়ার বাংলাদেশ লিমিটেড। জাপানি ভাষা শিক্ষা, স্টুডেন্ট ভিসা, স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি, চাকরির প্রস্তুতি এবং জাপানে পৌঁছানোর পরও প্রয়োজনীয় সহায়তাসহ সমন্বিত ‘ওয়ান-স্টপ সাপোর্ট’ প্রদান করবে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে একাডেমিতে জাপানি ভাষার জেএলপিটি এন-৪ ও জেএলপিটি এন-২ কোর্স চালু হয়েছে। ড. তাদাশি ওহতাকের উদ্ভাবিত ‘ওহতাকে মেথড’-এর মাধ্যমে ভাষা শিক্ষার পাশাপাশি জাপানি সমাজ ও করপোরেট সংস্কৃতি, ব্যবসায়িক শিষ্টাচার, সাক্ষাৎকার প্রস্তুতি এবং দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন ব্যবহারিক বিষয় শেখানো হবে।

একাডেমি কর্তৃপক্ষ জানায়, ভাষা শিক্ষার পাশাপাশি এসএসডব্লিউ ভিসার আওতায় ট্রাক ড্রাইভার (লজিস্টিকস), অটোমোবাইল মেকানিকসহ বিভিন্ন খাতে দক্ষতা পরীক্ষা, চাকরির আবেদন, সাক্ষাৎকার, ভিসা প্রক্রিয়া এবং জাপানে কর্মস্থলে যোগদান পর্যন্ত পূর্ণাঙ্গ সহায়তা দেওয়া হবে।

এছাড়া উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য ওসাকা, কিয়োটো ও কোবের অংশীদার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সাক্ষাৎকার ও স্টুডেন্ট ভিসা প্রক্রিয়ায়ও সহযোগিতা করা হবে।

জাপানে পৌঁছানোর পর আবাসন, সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা, দৈনন্দিন সমস্যা সমাধান এবং প্রয়োজনে আইনি ও মানসিক পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে একাডেমির চেয়ারম্যান কিয়োশি শিরাকো বলেন, বাংলাদেশের তরুণদের জন্য জাপানে টেকসই ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই তাদের লক্ষ্য।

প্রিন্সিপাল ড. তাদাশি ওহতাকে বলেন, বাংলাদেশের তরুণদের স্বপ্নপূরণে নির্ভরযোগ্য অংশীদার হতে চায় নিহোন গেটওয়ে একাডেমি। ভবিষ্যতে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানি ভাষা শিক্ষা, এসএসডব্লিউ প্রস্তুতি এবং স্টুডেন্ট ভিসা সহায়তাসহ বিভিন্ন কোর্সে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

‘নিহোন গেটওয়ে একাডেমি’,ঢাকা,জাপানের দ্বার,তরুণদের জন্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত