ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকায় আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতা

ঢাকায় আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতা

নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কুরআনের শিক্ষা, হিফজ ও শুদ্ধ তিলাওয়াতের চর্চা বিস্তারের লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘হিফজুল কোরআন ও হুসনে সাউত প্রতিযোগিতা-২০২৬’।

আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১ আগস্ট) মগবাজারের শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন মাদ্রাসার প্রায় ৫০০ হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা হিফজুল কোরআন ও হুসনে সাউত বিভাগে নিজেদের মেধা, যোগ্যতা এবং তিলাওয়াতের সৌন্দর্য উপস্থাপন করেন। এ আয়োজনকে ঘিরে অভিভাবক, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সেক্রেটারি জেনারেল মাওলানা মুস্তাফিজরহমানী, অর্থ সম্পাদক মাওলানা মুস্তাফিজুররহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক ইমাদুদ্দিন আল-মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকফ প্রশাসক ও সচিব সাফিজ উদ্দিন আহমেদ, নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১২ আসনের জাতীয় সংসদ সদস্য সাইফুল আলম খান, আজিজ গ্রুপের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী এবং শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল সানলাইট প্রাইভেট লিমিটেড এবং সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি দোয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, হাফেজ, কারী, ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনের শিক্ষা, হিফজ এবং শুদ্ধ তিলাওয়াত ব্যক্তি ও সমাজে নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ ও তাকওয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আগামী প্রজন্মকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।

আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন নয়; বরং এমন একটি কুরআনপ্রেমী প্রজন্ম গড়ে তোলা, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল-কুরআনের নির্দেশনা অনুসরণ করবে এবং সমাজে ইসলামের সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আল ওয়াহদা ফাউন্ডেশন ভবিষ্যতেও কুরআনের খেদমত, দ্বীনি শিক্ষা ও মানবকল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সনদপত্র, নগদ অর্থ এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান আজহারী।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও আল ওয়াহদা ফাউন্ডেশন পবিত্র কুরআনের শিক্ষা, হিফজ, তিলাওয়াত, দাওয়াহ, মানবসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে পরিচালনা করবে। পাশাপাশি দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমও অব্যাহত থাকবে।

তিলাওয়াত প্রতিযোগিতা,হিফজ,আল ওয়াহদা ফাউন্ডেশন,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত