অনলাইন সংস্করণ
১৬:৪০, ৩১ আগস্ট, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকায় হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন এক সৌদি প্রবাসী।
গতকাল রোববার (৩০ আগস্ট) বিকেলে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় অসাবধানতাবশত ট্রলির ওপর ল্যাপটপটি ফেলে রেখেই বাইরে চলে যান তিনি।
রিয়াদ থেকে এসভি-৭৯৮ ফ্লাইটে আসা ওই প্রবাসীর নাম মো. হযরত আলী। ক্যানোপি এলাকায় পরিত্যক্ত ল্যাপটপটি দেখতে পেয়ে নিরাপদে হেফাজতে নেন দায়িত্বে থাকা এপিসি মো. গোলাম রব্বানী। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পিসি মো. নিজাম উদ্দিনকে অবহিত করেন।
পরে এভসেক কর্তৃপক্ষের সহায়তায় বিমানবন্দরের ভেতরে ও বাইরে মাইকিং করে প্রবাসীর সন্ধান করা হয়। একপর্যায়ে প্রকৃত মালিক প্রবাসী হযরত আলীকে খুঁজে পেলে তাকে ডিএসও অফিসে আনা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ল্যাপটপটি তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ল্যাপটপটি ফেরত পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান হযরত আলী। দায়িত্ব পালনে আনসার সদস্যদের এমন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তিনি।