অনলাইন সংস্করণ
১৫:৩২, ২১ সেপ্টেম্বর, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করে এক চীনা নাগরিকের কাছ থেকে আনুমানিক আড়াই কেজি বা ২১৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে আনসার সদস্যরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় আনসার সদস্যদের সতর্ক তৎপরতায় এসব স্বর্ণ শনাক্ত ও উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চীন থেকে আসা ওই নাগরিকের সঙ্গে থাকা পাঁচটি পাহাড়ি মাটির তৈরি মগ/ঝাড়ের ভেতরে বিশেষ কৌশলে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল। দায়িত্ব পালনকালে আনসার সদস্য রায়হান হোসেন ও এপিসি সাইফুল বিষয়টি শনাক্ত করেন। পরে তারা পাঁচটি মাটির পাত্র উদ্ধার করেন।
বিষয়টি কর্তব্যরত পিসি মো. আনিসুর রহমান শিফটে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে জানান। পরে উপজেলা প্রশিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা সামগ্রী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণকারের সহায়তায় পাঁচটি মাটির পাত্র আগুনে পুড়িয়ে এর ভেতরে থাকা স্বর্ণ পৃথক করেন। প্রক্রিয়া শেষে পাঁচটি স্বর্ণের বার বা বিস্কুট পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট পরিমাণ আনুমানিক ২.৫ কেজি, যা প্রায় ২১৫ ভরি।
মাটির তৈরি পাত্রের ভেতরে রাসায়নিকের সংমিশ্রণে স্বর্ণ লুকিয়ে পাচারের এ চেষ্টা আনসার সদস্যদের সতর্কতা, বিচক্ষণতা ও তাৎক্ষণিক তৎপরতায় শনাক্ত হয়।
বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার সদস্যদের এ ধরনের তৎপরতা নিরাপত্তা ব্যবস্থার প্রতি তাদের দায়িত্বশীলতার প্রতিফলন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা রক্ষায় আনসার সদস্যরা সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন।