অনলাইন সংস্করণ
১৭:২৬, ২০ সেপ্টেম্বর, ২০২৬
বিয়ে না করলেই যে মানুষ অসুখী—এমনটা মনে করেন না কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। তার মতে, সন্তান না থাকলেও একজন মানুষ সুখী জীবনযাপন করতে পারেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথাও জানিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি ‘দাদাগিরি’র একটি প্রমোতে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন দেব। উত্তরে তিনি জানান, জীবনে এমন কিছু সিদ্ধান্ত ছিল, যেগুলো হয়তো আরও আগে নেওয়া উচিত ছিল। সেসব সিদ্ধান্ত আগে নিলে ভালো হতো বলেও মনে করেন তিনি।
তবে নিজের এই আক্ষেপের সঙ্গে পরিবার, বাবা-মা কিংবা কাজকে অবহেলা করার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন দেব। বরং কাজকে ভালোবেসেই তিনি জীবনে এতটা পথ এগিয়ে এসেছেন বলে জানান।
দেবের কথায়, পেছন ফিরে তাকালে তাঁর মনে হয় জীবনের অনেকটা পথ ইতোমধ্যে পেরিয়ে এসেছেন। তবে ঠিক কোন সিদ্ধান্তের কথা তিনি বলছেন, তা স্পষ্ট করেননি অভিনেতা।
আর এতেই তৈরি হয়েছে কৌতূহল। তাঁর এই আক্ষেপ কি বিয়ে, সম্পর্ক নাকি জীবনের অন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে—তা নিয়েই এখন আলোচনা চলছে। ‘দাদাগিরি’র প্রমো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দেবের মন্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকের ধারণা, প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ব্যক্তিগত বিষয়টি এড়িয়ে গেছেন দেব। আবার কেউ কেউ মনে করছেন, নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন অভিনেতা, তবে প্রকাশ্যে বিস্তারিত বলতে চাননি।