ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিমানবন্দরে বিশৃঙ্খলা, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে বিশৃঙ্খলা, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (BG-338) থেকে লাগেজ পেতে বিলম্ব হওয়ায় ব্যাপক যাত্রী চাপের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে আখতারুজ্জামান তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা এবং মারধরের হুমকি দেন। এ সময় তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও করা হয়েছে।

সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

মামলা,মেজর (অব.) আখতারুজ্জামান,বিমানবন্দরে বিশৃঙ্খলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত