ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হচ্ছেন জি কে গউছ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হচ্ছেন জি কে গউছ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। এই পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত ছিল এই কাউন্সিলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মোট ১২ জন প্রার্থী ৫টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই পাঁচটি পদে ১ হাজার ৩১৩ জন ভোটার গোপন ব্যালেটে তাদের নেতা নির্বাচন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। সিনিয়র সহ সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এডভোকেট হাজী নুরুল ইসলাম ও আকদ্দস হোসেন তালুকদার। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দিয়েছেন মো. মিজানুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও এডভোকেট এনামুল হক সেলিম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জহিরুল হক শরীফ, শাহ সালাউদ্দিন আহমেদ ও আক্তার সফিক।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর শনিবার হবিগঞ্জ পৌরসভার মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ২৮ আগস্ট বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের সুযোগ রয়েছে। একই দিনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

জি কে গউছ,জেলা বিএনপির সভাপতি,হবিগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত