
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকা সিলেট ও মৌলভীবাজার জেলার মোট ৪টি উপজেলার ৩০৫টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী দায়িত্ব কার্যকর ও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট এলাকায় ৪টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেখান থেকে বিজিবি সদস্যরা স্থায়ী ফোর্স হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী উপজেলাসমূহে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে এবং অন্যান্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ, যানবাহন ও আধুনিক সরঞ্জামসহ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই বেইজ ক্যাম্প কেন্দ্রিক নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপন এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বহুলাংশে জোরদার করা হয়েছে।
পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট (ফেইজ-২)-এর আওতায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিজিবি সর্বোচ্চ ভূমিকা পালন করছে।
অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ড্রোন ও বডি- অন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। এরই ধারাবাহিকতায়, ২৯ জানুয়ারি ২০২৬ থেকে অদ্যাবধি বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, পাইপ গান, নাশকতামূলক সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।