
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ যানবাহন জব্দ হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে সংকেত দেওয়া হয়। তাৎক্ষণিক চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি সড়কের পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহলদল ফেলে যাওয়া ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতরে ভারতীয় কসমেটিকস ও বিপুল পরিমাণ ওষুধ পায়। পাচারের উদ্দেশ্যে আনা কসমেটিকস ও ওষুধসহ যানবাহনটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। পণ্যগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।