ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিলেট জেলায় ১৯৮টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, মহানগরে ৯৫টি

সিলেট জেলায় ১৯৮টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, মহানগরে ৯৫টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলায় ছয়টি আসনের মোট ১ হাজার ১৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১০৩টি এবং সিলেট মহানগর এলাকায় ৯৫টি কেন্দ্র রয়েছে। পূর্বের ভোটের ইতিহাস, ভোটার সংখ্যা, কেন্দ্রের অবস্থান ও দূরত্ব বিবেচনায় এ তালিকা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুরুতে কেন্দ্রগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এই তিন ভাগে ভাগ করা হলেও পরে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ একসঙ্গে 'গুরুত্বপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জানা গেছে, সিলেটের ছয়টি আসনের মধ্যে সিলেট-১ আসন পুরো এলাকা এবং সিলেট-৩ আসনের আংশিক সিলেট মহানগর পুলিশের অধীনে এবং সিলেট-৩ আসনের বড় অংশসহ বাকি চারটি আসন পড়েছে সিলেট জেলা পুলিশের অধীনে। এসব আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটের দিন পরিবেশ কেমন থাকবে, নিরাপত্তা পরিস্থিতি কেমন হবে—এগুলো নিয়ে এখনও শঙ্কা রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সিলেট মহানগরী এলাকায় ভোটের দিন নির্বাচনী সহিংসতা মোকাবেলার জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটের দিন ড্রোন উড়ানো হবে। কোথাও সংঘাত দেখা দিলে তা দ্রুত নিবৃত করা হবে।

এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে তিনজন পুলিশ থাকবে ও ১০ জন আনসার সদস্য থাকবে। তাদের বডিঅন ক্যামেরা ও রেকর্ড ক্যামেরা প্রদান করা হবে। কেন্দ্রের পরিস্থিতি ভিডিও ফুটেজে ধারণ করবে পুলিশ। নির্বাচন চলাকালে নিয়মিত পুলিশের মোবাইল টিম টহলে থাকবে।

এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কেউ ভোটকেন্দ্র দখল করতে চাইলে তাদের শক্ত হাতে দমন করা হবে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বডিঅন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। ভোটারদের কোন ধরনের শঙ্কার কারণ নেই, যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, পরিপত্র অনুযায়ী দূরত্ব, ভোটার সংখ্যা ও দুর্গম এলাকার কারণে ১০৩টি কেন্দ্রকে 'গুরুত্বপূর্ণ' হিসেবে নেওয়া হয়েছে। আর জেলার ৬১৯টি কেন্দ্রকে 'সাধারণ' হিসেবে ধরা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৩টি উপজেলায় ১৯,৫০৪ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে ১,১২০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬,১৮৬ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা এবং ১২,৩৭১ জন পোলিং কর্মকর্তা রয়েছেন।

মহানগরে ৯৫টি,ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র,সিলেট জেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত