ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

প্রথাগত আমলাতান্ত্রিক মনোভাব এখনো বিরাজমান: ভূমি প্রতিমন্ত্রী

প্রথাগত আমলাতান্ত্রিক মনোভাব এখনো বিরাজমান: ভূমি প্রতিমন্ত্রী

‘খুব আশাহত হয়েছি, ৯টার সময় অফিস খোলার কথা, পৌনে ১০টার পর কর্মকর্তা এসেছেন।’ সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এভাবেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, এ ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেব।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে পৌঁছান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত সময় সকাল ৯টায় অফিস খোলার কথা থাকলেও তখন কার্যালয় ছিল তালাবদ্ধ। প্রায় ৩০ মিনিট পর তালা খোলা হয়। তবে কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতি ছিল দেরিতে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, একজন কর্মকর্তা পৌনে ১০টার দিকে এবং আরেকজন সকাল ১০টার পর কার্যালয়ে আসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, খুব আশাহত হয়েছি। কারণ ৯টার সময় অফিস খোলার কথা। পৌনে ১০টার পর কর্মকর্তা দুজন এসেছেন। একজন এসেছেন পৌনে ১০টা, আরেকজন ১০টার পরে। এটা গ্রহণযোগ্য নয়।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের সরকার। আমরা দায়িত্ব নেওয়ার পরই দুর্নীতির বিরুদ্ধে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের নেতৃত্বে।

তিনি দাবি করেন, সারা দেশের ভূমি অফিসগুলো নিয়ে নানা অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতির অভিযোগ শীর্ষে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা বিষয়গুলো অ্যাড্রেস করছি।

পরিদর্শনে গিয়ে সেবার মান ও কার্যক্রম নিয়ে অনিয়মের ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী। তার ভাষায়, কমবেশি রেগুলারিটিজ আছে। সবচেয়ে বড় কথা, ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের মধ্যে একটা ব্যাপক গ্যাপ কাজ করছে।

তিনি বলেন, কর্মকর্তারা অনেক সময় ঠিকভাবে ব্যাখ্যা করেন না কোন কাজ কত দিনে হবে বা কত সময় লাগতে পারে। প্রথাগত আমলাতান্ত্রিক মনোভাব এখনো বিরাজমান। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা ও ইন্টার‍্যাকশন থাকা দরকার, সেটা হয়ে উঠছে না। আমরা বিষয়টি এড্রেস করব।

প্রতিমন্ত্রী জানান, অফিস-সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, যা তাৎক্ষণিকভাবে প্রকাশযোগ্য নয়। অফিশিয়াল কিছু সিক্রেসির ম্যাটার আছে, সেগুলো আমরা দেখব। বিধি অনুসারে ব্যবস্থা নেব।

এ ধরনের আকস্মিক পরিদর্শন শুধু সিদ্ধিরগঞ্জে সীমাবদ্ধ থাকবে না বলেও জানান তিনি। বাংলাদেশের যেকোনো প্রান্তে, যেকোনো দিন, যে কোনো অফিসে আমরা যাব। সারপ্রাইজ ভিজিট অব্যাহত থাকবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা জিরো করাপশন কার্যকর করব। এটা জনগণের সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকার, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।

আমলাতন্ত্র,ভূমি প্রতিমন্ত্রী,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত