
সংঘাত চলাকালীন সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল শ্রমিক-প্রবাসীর পাশে বাংলাদেশ সরকার রয়েছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর (সালেহ আহমদ) মরদেহ দেশে ফিরেছে।
সোমবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ আসে সালেহর কফিনবন্দী মরদেহ।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরদেহ গ্রহণ করেন। এর আগে সকালে দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছে আহমদ আলীর মরদেহ। সেখান থেকে বিমানে সিলেটে নিয়ে আসা হয়।
মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একজন দুবাই, একজন বাহরাইন এবং দুজন সৌদি আরবে মারা গেছেন। আজ একজনের মরদেহ দেশে আনা হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের মরদেহও দেশে আনা হবে।
তিনি বলেন, যারা আহত হয়েছেন তারা সেসব দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি। প্রবাসীদের পাশে আমরা আছি।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় মারা যান আলী। প্রায় ৩৫ বছর ধরে তিনি দুবাইয়ে বসবাস করতেন। পাসপোর্ট অনুযায়ী তার নাম আহমদ আলী হলেও নিজ এলাকায় তিনি সালেহ আহমদ নামে পরিচিত।