
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখা।
বুধবার (১৮ মার্চ) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক বিভাগ অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু, জেলা শাখার সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সদস্য আব্দুর রহমান, আব্দুল হাছিব, আহমদ জাকারিয়া, ফাহিম আহমদ, সুহেল চৌধুরী, আবজাল খাঁন, জাহেদুর আলম রাফি, মো: শরীফ আহমদ, তুহিন আহমদ হোসাইন, ইমরান আহমদ, প্রমুখ।
ক্যাম্পেইনের অংশ হিসেবে নেতৃবৃন্দ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং চালক-যাত্রীদের সচেতন করেন।
চালক ও যাত্রীদের উদ্দেশ্যে জহিরুল ইসলাম মিশু বলেন, ঈদ যাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে চালক, যাত্রী সহ সবাইকে সচেতন হতে হবে। চালকরা যাতে বিশ্রামের সুযোগ পায় সে দিকে নজর দিতে হবে। অতিরিক্ত যাত্রীদের নিয়ে কোনো চলাচল করতে পারবে না। এছাড়াও সড়কে যানজট নিরসন, যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালনা ও যত্রতত্র ইউটার্ণ রোধে সবাইকে কার্যকরী ভূমিকা রাখতে হবে।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিসচার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।