অনলাইন সংস্করণ
২১:৫২, ২৩ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না ফিরলে এর পরিণতি ভালো হবে না। দেশের মানুষ এখন সচেতন, জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে তা প্রতিহত করা হবে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম থাকলেও আমরা মেনে নিয়েছি, যেন দেশ অচল না হয়। কিন্তু আপনারা যদি সঠিক ধারায় না ফেরেন, তাহলে সারাদেশের মানুষ- এই জুলাই যোদ্ধারা আপনাদের ক্ষমা করবে না।’
সরকার প্রদত্ত বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, ‘সে বাড়িতে আমি থাকবো না। দেশের প্রয়োজনে, রাষ্ট্রীয় কাজে- বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্যই সেটি ব্যবহার করা হবে। সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের মুখে শুনতে চাই- বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করবো, সমর্থন করবো। কিন্তু জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করবো, প্রয়োজন হলে প্রতিহত করবো।’
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান প্রমুখ।