
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশ রাণীশংকৈল শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন সকাল সাড়ে ১১টায় উপজেলার নেকমরদ গরুহাটি মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নেকমরদ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘রাসুলের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
নেকমরদ চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার আমির মাওলানা শামসুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা হেফাজতের আমির মাওলানা শাহী এমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাসুলুল্লাহ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তাঁর বিরুদ্ধে কটূক্তি মুসলিম উম্মাহর কলিজায় আঘাতের শামিল। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই, কিন্তু নবীজির অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা অনতিবিলম্বে অভিযুক্ত বিধান রায়ের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হেফাজতের সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুন, জামায়াতে ইসলামীর জেলা প্রেস মিডিয়া আহ্বায়ক শাহজালাল জুয়েল প্রমুখ।
বক্তারা অবিলম্বে কটূক্তিকারীর বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এই বিক্ষোভ সমাবেশে রাণীশংকৈল ছাড়াও ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের হেফাজত নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।