
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, ফুচকা ও জিরাসহ যানবাহন জব্দ করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়।
তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা কসমেটিকসসহ যানবাহন জব্দ করা হয়।
দুপুরে অপর অভিযানে সাতছড়ি-তেলিয়াপাড়া সড়ক থেকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করে বস্তার ভেতর থেকে ভারতীয় অবৈধ ফুচকা ও জিরা জব্দ করা হয়। এসব পণ্য কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।