
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লেগেছে। রোববার রাত ১১টার পর সার্ভার রুমের দ্বিতীয় তলায় হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোনো ব্যাঘাত হয়নি।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।