
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিএনপির ৪ শীর্ষ নেতাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার এক্তিয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন (২৫) উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি পোস্ট করেন।
পরে বিষয়টি পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপার নজরে এলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।