
সিলেটে আগামী শনিবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা এবং একই দিনে চালু হচ্ছে কৃষক বাজার। ওইদিন সকাল ৯টায় নগরীর টিলাগড় পয়েন্ট এলাকায় কৃষক বাজার এবং বিকাল ৩টায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
কৃষক বাজার চালু এবং ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২৬ আয়োজন উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। SME Foundation আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সভায় জানানো হয়, ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মেলা চলবে এবং এতে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ ও বিক্রয় বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হবে। মেলায় বিভিন্ন স্টল স্থাপন করা হবে, যেখানে হস্তশিল্প, চামড়াজাত পণ্য এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত খাদ্যসহ নানা দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।
কৃষকদের প্রদর্শিত পণ্য বিক্রি না হলে তার ন্যায্য মূল্য আয়োজকদের পক্ষ থেকে পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে। এ মেলায় কোনো আমদানিকৃত পণ্য প্রদর্শনের অনুমতি থাকবে না।
নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এই আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন বাজার তৈরি করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অন্যদিকে, কৃষক বাজারের মাধ্যমে কৃষকরা যেন তাদের উৎপাদিত শাকসবজি ও অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে সরাসরি বিক্রি করতে পারেন এবং ক্রেতারাও ভেজালমুক্ত পণ্য পেতে পারেন—সে লক্ষ্যেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিলাগড় পয়েন্টে এ বাজার চালু থাকবে। এখানে প্রান্তিক পর্যায়ের কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করবেন। ভবিষ্যতে নগরীর অন্যান্য এলাকাতেও এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবাইয়াৎ।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মুকতাবিস উন নুর, গোলজার আহমদ হেলাল, মো. শামসুজ্জামান, এম এ হান্নান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম মিশু, সোহেল হাওলাদার এবং তানিয়া আক্তার-সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।