ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

চালক ঘুমিয়ে থাকায় গাড়ি চালাচ্ছিলেন হেলপার
সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। স্থানীয়রা জানিয়েছেন, ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় গাড়ি চালাচ্ছিলেন হেলপার।

রোববার (৩ মে) দুপুরে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায় নিহত ও আহতদের স্বজনদের ভিড়। দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতদের স্বজনরা।

এর আগে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের দুই ভাই আজির উদ্দিন ও আমিরউদ্দিন, ধর্মপাশার সরিষা গ্রামের না‌র্গিস আক্তার, দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মু‌ন্নি বেগম, দিরাই ভা‌টিপাড়া গ্রামের নুরুজ আলী, ভা‌টিপাড়া নূর নগরের ফ‌রিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জের‌ শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের বদরুজ্জামান। আহতরা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)। এছাড়াও রহিম (৬০) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় নুরজাহান হাসপাতালের আইসিইউতে প্রেরণ করা হয়েছে।

নিহত নুরুজ আলীর ভাই সুয়েব আলী বলেন, টানা বৃষ্টির কারণে আমার ভাই গত ৩/৪ দিন কাজ করতে পেরেনি। আজ রোদ ওঠায় কাজে বেরিয়েছিলেন। এক ঠিকাদারের মাধ্যমে আরও কয়েকজন নির্মাণ শ্রমিকের সাথে পিকআপ ভ্যানে করে তারা সুনামগঞ্জে কাজের জন্য যাচ্ছিলেন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, পিকআপ ভ্যানের ওপর নির্মাণ শ্রমিকের সাথে সিমেন্ট মিকশ্চারের মেশিনও ছিলো। ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হলে মিকশ্চার মেশিনের সাথে ধাক্কা লেগে সবাই পিকআপ থেকে সড়কে ছিটকে পড়েন। এতেই হতাহতের ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, রোববার সকাল ৬টার দিকে সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে বেশকিছু নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন শ্রমিকের মৃত্যু হয় এবং গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর থেকেই পিকআপ ও ট্রাকচালক পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার উমর রাশেদ মনির বলেন, আহতদের কয়েকজনের অবস্থাও সংকটাপন্ন। একজন আইসিইউতে আছেন। বাকিদের হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের প্রয়োজন মতো বিভিন্ন বিভাগে প্রেরণ করা হবে।

সিলেট,ট্রাক-পিকআপ সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত