ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হাইমচরে বালু উত্তোলনের অভিযোগে ৩ ড্রেজার জব্দ, ৩ জনকে কারাদণ্ড

হাইমচরে বালু উত্তোলনের অভিযোগে ৩ ড্রেজার জব্দ, ৩ জনকে কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে নদীতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

আটক ব্যক্তিরা হলেন, নীলকমল ইউনিয়নের মধ্য চারভাঙা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আশরাফুল আলম সরকার (৩৮), মাঝের চর সাহেবগঞ্জ বাজার এলাকার দাদান মিয়া মোল্লার ছেলে কুদ্দুস আলী (৩২) এবং আলী হোসেনের ছেলে আক্কাস ফকির (৪৫)।

এদের মধ্যে আশরাফুল আলম সরকারকে ৩ মাসের এবং কুদ্দুস আলী ও আক্কাস ফকিরকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার ও তিনজনকে আটক করেন। পরে তাদের হাইমচর উপজেলা সদরে নিয়ে আসা হয়।

জব্দ করা অবৈধ ড্রেজারগুলো নীলকমল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায়ই অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি কাটার ফলে চরাঞ্চলে ভাঙন দেখা দেয়। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের আঁধারে চরের ফসলি জমি ক্ষতিগ্রস্ত করার অভিযোগও রয়েছে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৩ জনকে কারাদণ্ড,৩ ড্রেজার জব্দ,বালু উত্তোলন,হাইমচর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত