ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ, দুর্ভোগে এলাকাবাসী

সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ, দুর্ভোগে এলাকাবাসী

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জনাহার লালপাড়া গ্রামে সরকারি রাস্তার দুই ধারে কেটে ড্রেন নির্মাণ করে দখলের অভিযোগ উঠেছে। এতে জনসাধারণের চলাচল এবং কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় উপজেলা প্রশাসন, বীরগঞ্জ থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অর্জনাহার লালপাড়া গ্রামের সরকারি রাস্তার একটি অংশ প্রায় ৬-৭ বছর ধরে ড্রেন নির্মাণের মাধ্যমে দখল করে রাখা হয়েছে। এর প্রতিবাদে গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামবাসী একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

রাস্তাটি দখলমুক্ত করে মানুষের দুর্ভোগ লাঘবের দাবিতে ওই এলাকার ভুক্তভোগী জয়নাল আবেদীনের স্ত্রী সুমা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীরগঞ্জ থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাঁচটি গ্রামের মানুষের কয়েকশ বিঘা আবাদি জমির ধান, ভুট্টা ও অন্যান্য কৃষিপণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম এই কাঁচা রাস্তাটি। সম্প্রতি সরকারি উদ্যোগে রাস্তাটিতে মাটি ভরাট করে উঁচু করা হয়। কিন্তু রাস্তাটির দুটি অংশ কেটে ড্রেন নির্মাণ করেন স্থানীয় মৃত জামাল আলীর ছেলে আব্দুর রশিদ, আলম মিয়া, হাসান, হোসেন ও তালেবসহ তাদের পরিবারের সদস্যরা। তারা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এ অবস্থা বজায় রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নওজেশ আলী জানান, অবৈধভাবে রাস্তা দখল করে ড্রেন নির্মাণ করায় সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি হচ্ছে। কৃষিপ্রধান এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকায়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

অর্জনাহার লালপাড়া গ্রামের আসেদ আলী, নুর আলম ও জহুরুল ইসলামসহ প্রায় ৪০ থেকে ৫০টি পরিবারের কৃষক-কৃষাণীরা ধান, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের জন্য এ রাস্তাটি ব্যবহার করে থাকেন। কিন্তু ড্রেন নির্মাণের কারণে ভ্যান, ট্রাক্টর ও অন্যান্য কৃষিযান চলাচল করতে না পারায় কৃষকদের অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে। এছাড়া রাস্তা ব্যবহার করতে গেলে বিভিন্ন ধরনের হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর দাবি, ড্রেন নির্মাণের ফলে বৃষ্টির পানি সরাসরি রাস্তায় পড়ছে, এতে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। ড্রেন অপসারণের দাবি জানালে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে উল্টো মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ভোগে এলাকাবাসী,ড্রেন নির্মাণের অভিযোগ,সরকারি রাস্তা দখল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত