ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অবহেলিত সড়কের উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে চসিক: মেয়র শাহাদাত

অবহেলিত সড়কের উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে চসিক: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে তাঁর প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নাগরিকদের চলাচলের দুর্ভোগ কমিয়ে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজ সড়ক এবং রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, দীর্ঘদিন অবকাঠামোগত উন্নয়নের অভাবে এসব এলাকার মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। জনগণের দুর্ভোগ লাঘব এবং এলাকার সার্বিক উন্নয়নের কথা বিবেচনায় নিয়েই এসব সড়কের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটি উন্নত নগরীর অন্যতম পূর্বশর্ত হলো কার্যকর যোগাযোগ ব্যবস্থা। সড়ক উন্নয়নের মাধ্যমে শুধু যাতায়াত সহজ হয় না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রসার ঘটে। এ কারণে নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে চসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পনাভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেয়র শাহাদাত,চসিক,সড়ক উন্নয়ন,অবহেলিত সড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত