
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে দুই বিজিবি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে আহত হন ৪৯ বিজিবির সদস্য সিপাহি শফিউল আলম ও সিপাহি সাজেদুর রহমান। একই ঘটনায় আরও তিন বেসামরিক ব্যক্তি আহত হন।
বজ্রপাতের পরপরই সহকর্মীরা আহতদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিপাহি শফিউল আলমের শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে যশোর সিএমএইচে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি। তিনি আহত সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করেন।
পরবর্তীতে বিজিবির অ্যাম্বুলেন্সযোগে আহত সদস্য শফিউল আলমকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “আমাদের দুইজন সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে পাঠানো হয়েছে। আমরা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এরপর শুরু হয় প্রবল বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত। এ সময় সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্য ও আশপাশে অবস্থানরত কয়েকজন ব্যক্তি বজ্রপাতে আহত হন।
ঘটনার পর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সদস্যদের জন্য সতর্কতামূলক নির্দেশনা আরও জোরদার করা হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।