ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে চারজনই আহত হয়েছেন। পরে অভিযানে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

আহত এসআই সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনি দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুম মিয়াকে কুপিয়ে আহত করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার অনলাইন পোর্টাল ঢাকা মেইল-কে জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আহত ৪,পুলিশের ওপর হামলা,আসামি,সোনারগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত