
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসে দালালের মাধ্যমে গ্রাহকসেবার অপরাধে সোহাগ নামের এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সেই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল রাজ্জাক-কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত সোহাগ দীর্ঘদিন ধরে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল এবং জমি খারিজসহ বিভিন্ন জটিল কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিত।
সে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার পরও কাজ সম্পন্ন করেনি। এর আগে সে মেছরা ইউনিয়ন ভূমি অফিস ও খোকশাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস এলাকাতেও একই কার্যক্রম পরিচালনা করেছে।
বর্তমানে সে বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াত করে এবং সদর উপজেলা ভূমি অফিসেও কাজ করে বলে পরিচয় দেয়।
এমন অভিযোগের পর বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে উল্লেখিত টাকা জরিমানা করেন।
সেই সঙ্গে ভূমি সহকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।