ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শ্যামনগরে দুটি কাভার্ড ভ্যানে ভারতীয় মাদক ও পণ্য জব্দ, গ্রেপ্তার ১

শ্যামনগরে দুটি কাভার্ড ভ্যানে ভারতীয় মাদক ও পণ্য জব্দ, গ্রেপ্তার ১

সাতক্ষীরার শ্যামনগরে র‍্যাব অভিযান চালিয়ে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ আমদানি-নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক, ওষুধ ও পাতার বিড়িসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রোববার (৫ জুলাই) সকালে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার সকালে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।

র‍্যাব জানায়, ভারত থেকে অবৈধ পথে মাদকের একটি বড় চালান এনে উপজেলার মথুরাপুর এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ উইনকেরেক্স, এসকাফ ও ফেয়ারডিল (Wincerex, Eskuf, Fairdyl), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় L-HIST Mont ওষুধ, ৬০ পাতা Alpha-Ketozox ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা। এ সময় মাদক কারবারি আব্দুল মজিদ শেখকে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় র‍্যাব সদস্যরা তাদের আটক করতে পারেননি।

র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, এ ঘটনায় জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ১,পণ্য জব্দ,ভারতীয় মাদক,কাভার্ড ভ্যান,শ্যামনগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত