ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাহুবলে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

বাহুবলে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার ডুবাঐ এলাকায় ভারী বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা ও ইউনিক পরিবহনের চালক তাজুল ইসলাম (৫০) এবং এক অজ্ঞাতপরিচয় যাত্রী।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে এবং আহত প্রায় ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে প্রায় আধা ঘণ্টা ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, নিহত বাসচালকের মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপর নিহত যাত্রীর মরদেহ সিলেটে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আহত অন্তত ২০,নিহত ২,মুখোমুখি সংঘর্ষ,বাহুবল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত