
গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক তিনটি অভিযানে ১০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও টমেটো জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, একই দিনের বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
এ অভিযানে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকগুলো থামানো হয়।
পরবর্তীতে বিজিবি টহলদল গাড়িগুলো তল্লাশি করে দেখতে পায়, গাড়ির ভেতরে ক্যারেটের মধ্যে ভারত থেকে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় বিপুল পরিমাণ অবৈধ টমেটো রয়েছে।
ট্রাকে থাকা টমেটোগুলো সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পরিবহন করায় তাৎক্ষণিকভাবে সেগুলো জব্দ করে বিজিবি।
এছাড়া গুইবিল বিওপির টহলদল চুনারুঘাটে সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুইবিল এলাকার সীমান্তবর্তী নলুয়া চা বাগানে টহল পরিচালনা করে।
এ সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় টমেটো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে এবং গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচাররোধ করে যুবসমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া মাদক ও চোরাচালান ব্যবসায়ী চক্রকে শনাক্ত এবং আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেছে বিজিবি।