
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব সূত্রে জানা যায়, সকালে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মেসার্স ফোর এস ফিলিং স্টেশনের সামনে অবস্থানকালে গোপন তথ্য পায় যে, উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ওলিপুর এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে একটি প্রাইভেটকারে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে গাড়িতে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি প্রাইভেটকারটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত প্রাইভেটকার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।