ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডাকাতদের হামলায় গৃহকর্তা নিহত, লুট ৪ লাখ টাকার মালামাল

ডাকাতদের হামলায় গৃহকর্তা নিহত, লুট ৪ লাখ টাকার মালামাল

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত এবং একজন আহত হয়েছেন। এ সময় স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার বলবর্দী এলাকায় শাহজাহান মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই গৃহকর্তা শাহজাহান মিয়ার মৃত্যু হয়। এ সময় পরিবারের এক সদস্য আহত হন।

ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বিএনপির সাবেক এক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল।

স্থানীয়দের দাবি, ওই ডাকাতির ঘটনায় এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় নতুন করে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

৪ লাখ টাকার মালামাল,গৃহকর্তা নিহত,ডাকাতদের হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত