
রংপুরে অসহায় ১৩৮ জন এতিম শিশুর মাঝে খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, পোশাক ও স্কুল জুতা বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।
শুক্রবার সকালে রংপুর নগরীর তাজহাট আনছারী মোড়ে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ শাহিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এতিম শিশুদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে কাজ করছে। এই উদ্যোগ এতিম শিশু ও তাদের পরিবারের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে।
পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করতেও ভূমিকা রাখবে। দ্বিতীয় ধাপে রংপুর, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকার ১৩৮ জন এতিম শিশুকে সহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংস্থাটির রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর শামীম রায়হান বলেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এতিম শিশুরা বছরে চারবার খাদ্যসামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, শিক্ষা সফর, হাইজিন প্যাক এবং বছরে দুইবার নতুন পোশাক পেয়ে থাকে।
এ কার্যক্রমের আওতায় দাতা সংস্থা মা ইন্টারন্যাশনালের সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারাদেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদান করে আসছে।
বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী শিশুদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।