
রংপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে রংপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় গত তিন মাসে গ্রেফতারকৃত আসামিদের তথ্য তুলে ধরা হয়। এতে মোট গ্রেফতার দেখানো হয়েছে ১ হাজার ৬২৬ জন। এর মধ্যে ওয়ারেন্টমূলে গ্রেফতার ৩১৬ জন, মাদক কারবারি ২৮২ জন, চোর ৫৩ জন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ৩২ জন, খুন মামলার আসামি ৫ জন, নিষিদ্ধ অঙ্গসংগঠনের সদস্য ১২ জন এবং অন্যান্য মামলার আসামি ৯২৬ জন।
এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্যের তথ্যও জানানো হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ৬৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ দশমিক ২ গ্রাম হেরোইন, ২০ কেজি ৪ গ্রাম গাঁজা, ১৫৮ বোতল ফেন্সিডিল/এস্কাফ, ৩৩ দশমিক ৫ লিটার চোলাই মদ এবং ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
চোরাই উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৬ মণ চোরাই তামার তারসহ একটি ট্রাক, ৫টি চোরাই অটো এবং ৮টি চোরাই মোটরসাইকেল। এছাড়া ২৫টি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযানে মাদকদ্রব্য ছাড়াও বিভিন্ন অপরাধে ব্যবহৃত ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে জুয়ার তাস, মোবাইল ফোন, স্ট্যাম্প, চেক, বিভিন্ন ধরনের মালামাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত।
সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদসহ আরপিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরলে পুলিশ কমিশনার সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।