
মাত্র দুই বছর ছয় মাস বয়সী শিশু হুমায়রা। জন্ম থেকেই তার হৃদপিণ্ডে দুটি ছিদ্র। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের এই শিশুটিকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন বাবা সাগর (২৩) ও মা মনি আক্তার (২২)।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না করালে শিশুটির জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
চিকিৎসার জন্য সময় রয়েছে মাত্র ২০ দিন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়।
কান্নাজড়িত কণ্ঠে বাবা সাগর বলেন, “মেয়েকে বাঁচাতে চাই। কিন্তু চিকিৎসার খরচ জোগাড় করার সামর্থ্য আমাদের নেই। নেত্রকোনা-১ আসনের সাংসদ ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে আমাদের আকুল আবেদন—তিনি যেন মানবিকভাবে এগিয়ে এসে আমার মেয়ের চিকিৎসার দায়িত্ব নেন।”
তিনি আরও বলেন, “তিনি এরকম অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি এ আসনের মানবিক নেতা হিসেবে খ্যাতি লাভ করেছেন।”
শিশুটির মা মনি আক্তার বলেন, “আমরা শুনেছি তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমাদের মেয়েটার চিকিৎসার জন্য তাঁর একটু সহযোগিতাই হয়তো হুমায়রাকে নতুন জীবন দিতে পারে। আমরা অনেক কষ্টে দিনাতিপাত করছি। যেখানে সংসার চলে কোনমতে, সেখানে এতো ব্যয়বহুল চিকিৎসা আমার কঠিন হয়ে দাঁড়িয়েছে।”
স্থানীয় সচেতন মহল ও হুমায়রার পরিবারের প্রত্যাশা—বিষয়টি ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে এলে তিনি দ্রুত মানবিক উদ্যোগ নিয়ে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করবেন।