ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বরগুনার পায়রা নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বরগুনার পায়রা নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বরগুনার পায়রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী রাবেয়া আক্তার জুঁই (১৫)-এর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় পায়রা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত জুঁই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. জনির মেয়ে। বাবার সঙ্গে বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় বেড়াতে এসেছিল সে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এক স্বজনের সঙ্গে লতাকাটা খেয়াঘাটসংলগ্ন পায়রা নদীতে গোসল করতে নামে জুঁই।

নদীতে তীব্র স্রোত থাকায় গোসলের একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। স্বজনরা চোখের সামনে জুঁইকে পানিতে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে ও জাল টেনে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকেও খবর দেওয়া হয়।

এরই মধ্যে সোমবার তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় পায়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি নিখোঁজ জুঁইয়ের বলে শনাক্ত করেন।

জুঁইয়ের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বরগুনায় বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ পরিণত হয়েছে বিষাদে।

বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক জানান, জুঁই নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, জুঁই নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তালতলীর জয়ালভাঙা এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধার,পায়রা নদী,বরগুনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত