ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

তালতলীতে জনতার হাতে পিস্তল-গুলিসহ আটক ৫

তালতলীতে জনতার হাতে পিস্তল-গুলিসহ আটক ৫

বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামে একটি ভাড়া বাসা থেকে দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার কাঁঠালতলী গ্রামের আলম খানের ছেলে জিহাদ খান (৩৫), বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামের মোকলেছ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৫), একই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে জামাল মল্লিক (২৭), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের লিটন সিকদারের ছেলে লিমন সিকদার (২৮) এবং একই গ্রামের সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজীর বাসা লিমন সিকদারের কাছে ভাড়া দেওয়া হয়। গত রোববার ওই বাসায় কয়েকজন ব্যক্তি আসেন। এরপর থেকে তারা তিন দিন ধরে ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের চলাফেরা ও কথাবার্তায় সন্দেহ হলে বুধবার দুপুরে স্থানীয়রা ওই বাসায় গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় জিহাদ খান পিস্তল উঁচিয়ে স্থানীয়দের ধাওয়া করার চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান। পরে জনতা তাকে আটক করে। এরপর তার সঙ্গে থাকা হৃদয় মোল্লা, অনিক মজুমদার, লিমন সিকদার ও জামাল মল্লিককেও আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক পাঁচজনকে থানায় নিয়ে যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “স্থানীয় জনতার সহায়তায় পিস্তল ও গুলিসহ পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় তালতলী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ৫,পিস্তল-গুলিসহ,তালতলী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত