
সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর, পদ্মশাখরা, মাদরা ও বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাইসাইকেল, শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও রসুন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালী নামক স্থান থেকে ৯টি ভারতীয় বাইসাইকেল জব্দ করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা নামক স্থান থেকে ৪ বস্তা ভারতীয় রসুন এবং মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর ও ভাদিয়ালি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঢালিপাড়া নামক স্থান থেকে শাড়ি ও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।