ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের ঝাড়ু মিছিল ও সমাবেশ

মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের ঝাড়ু মিছিল ও সমাবেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে নতুন ঘোষিত উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের পদবঞ্চিতরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু নিয়ে ‘পকেট কমিটি মানি না, মানবো না’ স্লোগান দেন।

পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন, বাবুল মুন্সি, শাহীন ফরাজিসহ অনেকে।

সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন ঘোষিত যুবদলের কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। তারা বলেন, ‘৫ আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের কোনো ভূমিকা ছিল না, আন্দোলনে যাদের খুঁজে পাওয়া যায়নি, কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে তারাই এই কমিটিতে স্থান পেয়েছে। যারা কোনোদিন যুবদল করেনি, ব্যবসা করে, তারাও আজ কমিটিতে ঢুকে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘দলের দুর্দিনে যেসব নেতাকর্মী রাজপথে ছিল, মামলা-হামলার শিকার হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’ অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতিতে ঝাড়ু মিছিল নতুন না। কিন্তু মির্জাগঞ্জের প্রেক্ষাপটে এর মানে আলাদা। উপস্থিত নেতাকর্মীদের একজন বলেন, ‘আমরা দলকে ভালোবাসি বলেই ঝাড়ু হাতে নিয়েছি। দলের ভেতরের ময়লা আমরাই পরিষ্কার করতে চাই।’

মির্জাগঞ্জে বিএনপির রাজনীতিতে যুবদলকে বলা হয় প্রাণশক্তি। সেই প্রাণশক্তির একাংশই এখন রাস্তায়। হাতে ঝাড়ু নিয়ে তারা শুধু কমিটি বাতিলই চাচ্ছেন না, চাচ্ছেন দলের ভেতরে স্বচ্ছতা।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঝাড়ু মিছিল ও সমাবেশ,পদ বঞ্চিত,যুবদলের কমিটি বাতিল,মির্জাগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত