ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মৎস্য ব্যবসায়ীকে চাপা দিয়ে বাস আটক, পালালো চালক

মৎস্য ব্যবসায়ীকে চাপা দিয়ে বাস আটক, পালালো চালক

দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মৎস্য ব্যবসায়ীর নাম আব্দুল আলিম (৫০)। তিনি দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিহত আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়িক প্রয়োজন মিটিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

এ সময় কাজী এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস, যার রেজিস্ট্রেশন নম্বর সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬, কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে দেবীশহর এলাকায় আব্দুল আলিমের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আব্দুল আলিম মারাত্মক আহত হলে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা ব্লীজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করেছে। তবে চালক তার আগেই পালিয়ে যায়।

ওসি জানান, নিহতের মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে বলে ওসি জানান।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

পালালো চালক,বাস আটক,মৎস্য ব্যবসায়ীকে চাপা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত