
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদ ও নেছারিয়া আজিজিয়া হাফিজিয়া মাদরাসার যৌথ উদ্যোগে হাফিজিয়া মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জোহরের নামাজ শেষে মাদরাসার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোলাফায়ে রাশেদীনের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর বংশধর ও ভারতের ফুরফুরা দরবার শরীফের পীর শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিক আল কুরাইশী।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, এহসান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিএম এহসানুল হক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক, নাঙ্গুলী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মতিউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শত শত মুসল্লি ও হিফজ বিভাগের শিক্ষার্থীরা।
ভবন উদ্বোধন শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। পরে বাদ আসর খতমে কোরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাদ মাগরিব পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ জিকির-আসকার, মিলাদ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের ফুরফুরা দরবার শরীফের পীর শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিক আল কুরাইশী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর সিদ্দিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম তালুকদার (মিল্টন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেছারিয়া আজিজিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. ইবাদত হোসেন।
মাহফিলে কাউখালীসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। হেফজুল কোরআনের তিন ছাত্রকে পাগড়ি পরিধান করানো হয়। পরে আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মাদরাসার সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।