
চেয়ারম্যান ও সদস্যদের অনুপস্থিতিতে দীর্ঘদিন অনেকটা স্থবির হয়ে পড়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা কার্যক্রম। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্স ও ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
তবে প্রশাসক হিসেবে নূর নবী ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর নিয়মিত সেবা কার্যক্রম চালুর পাশাপাশি বিভিন্ন উন্নয়ন উদ্যোগে সচল হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদ।
প্রায় দেড় মাস আগে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন নূর নবী ভূঁইয়া। দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ শুনছেন তিনি। স্থানীয়দের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি নাগরিক সেবা সহজ করতে পরিষদে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়নে ৩৮টি কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ১৩টি সাবমার্সিবল পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের অন্যতম প্রধান সমস্যা পানির সংকট দ্রুত সমাধানে আগামী এক মাসের মধ্যে অন্তত ৭০ শতাংশ সমস্যা নিরসনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উন্নয়নকাজে সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করছেন প্রশাসক। কাজের মান ও অগ্রগতি তদারকির পাশাপাশি অনিয়মের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া মসজিদ-মাদ্রাসায় অনুদান দেওয়ার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হচ্ছে। ইউনিয়নের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।
স্থানীয় বাসিন্দারা বলেন, জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিতে তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রশাসক দায়িত্ব নেওয়ার পর নিয়মিত পরিষদে সেবা কার্যক্রম চালু হয়েছে। ফলে আগের তুলনায় ভোগান্তি কমেছে এবং বিভিন্ন এলাকায় উন্নয়নকাজও দৃশ্যমান হচ্ছে।
রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের মানুষ জন্মনিবন্ধন, নাগরিকত্ব, ট্রেড লাইসেন্স ও ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা নিতে দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন। দায়িত্ব নেওয়ার পর সপ্তাহে তিন দিন পরিষদে বসে জনগণের সেবা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে আগের তুলনায় সেবাপ্রার্থীর সংখ্যা অনেক কমেছে।
তিনি বলেন, ৩৮টি রাস্তার উন্নয়নকাজ এবং ১৩টি সাবমার্সিবল পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের প্রধান সমস্যা পানির সংকট। আগামী এক মাসের মধ্যে এ সমস্যার ৭০ শতাংশ সমাধানের লক্ষ্য রয়েছে। পাশাপাশি মাদক ও অন্যান্য সামাজিক সমস্যার বিরুদ্ধেও কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসক আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হলে রূপগঞ্জ ইউনিয়নেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচন নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে না গিয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসকের এ উদ্যোগ অব্যাহত থাকলে ইউনিয়নের নাগরিক সেবার মান আরও বাড়বে এবং চলমান উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ আরও কমবে।