
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও দোয়া-মোনাজাত।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন দলীয় নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
দিবসটির প্রধান কর্মসূচি হিসেবে বিকেলে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, ‘বিএনপি জনগণের অধিকার আদায়ের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেই দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’ তারা বিএনপির ৪৮ বছরের সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।